সীতাকুণ্ডে অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরি ঘাট এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দিনভর অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয় বলে
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন
“কিছু দোকানের জমি ২০০৯ সালের আগে ইজারা দেয়া হয়। ২০০৯ সালের পর আর ইজারা নবায়ন করা হয়নি। ওই জমিতে জেলা পরিষদ সরকারি অর্থায়নে বিপণিকেন্দ্র নির্মাণ করবে বলে দুই বছর আগে সিদ্ধান্ত নেয়া হয়।”
এতোদিন জমি দখলমুক্ত করতে না পারায় প্রকল্পটি বাস্তবায়ন হয়নি জানিয়ে ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বলেন, “এখন জমি দখলমুক্ত করে জেলা পরিষদকে হস্তান্তর করা হয়েছে।”
ঘাট এলাকায় জেলা পরিষদের জমিতে অন্য একটি পাকা ভবন নিয়ে মামলা থাকায় তা ভাঙ্গা সম্ভব হয়নি বলেও জানান ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
