আশুলিয়ায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা
অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকালে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার ‘সোনিয়া ফাইন নীট লিমিটেড’ কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আসিফুজ্জামান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিটিং শাখার ১৪৪ জনের মতো শ্রমিক অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে।
গত কয়েকদিনের অব্যাহত আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আন্দোলনকারী শ্রমিক নিটিং অপারেটর শাহাদাৎ ইসলাম ও মো. মোন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা কর্তৃপক্ষ চার দফা দাবি না মেনে শ্রমিকদের কৌশলে বের করে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।
তাদের চার দফা দাবি হলো- কোনো শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে এবং জোরপূর্বক ছাঁটাই করা যাবে না। ছাঁটাই করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে, কারখানায় কাজ না থাকলেও প্রত্যেক শ্রমিককে ‘এ’ গ্রেড অনুযায়ী বেসিক দিতে হবে, বেসিক সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে এবং বার্ষিক ছুটির টাকা অনতিবিলম্বে দিতে হবে।
শ্রমিকদের দাবির বিষযটি কর্তৃপক্ষ মেনে না নেয়ায় নিটিং শাখার ১৬৯ জন শ্রমিকের স্বাক্ষরিত দাবিনামা বিজিএমইএর চেয়ারম্যান, শিল্প পুলিশের পরিচালক ও শ্রম অধিদপ্তরের উপ-প্রধান পরিদর্শক (কলকারখানা) বরাবর জমা দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
এ প্রসঙ্গে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। শিল্প পুলিশের কাছে শ্রমিকদের দাবিনামা দেয়ার বিষয়টি সম্পর্কে অবগত নন তিনি।
