২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি’র মার্কেট নির্মাণে আদালতের পুনরায় নিষেধাজ্ঞা  

বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে নালার ওপর সিটি করপোরেশনের মার্কেট নির্মাণ কাজে আবারো তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সরকারি ছুটির শেষে সোমবার এ আদেশের অনুলিপি সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানান রিটকারীদের আইনজীবী রায়হানুল মোস্তফা।

আইনজীবী রায়হানুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন দোকানগুলোর সংলগ্ন স্বজন সুপার মার্কেটের মালিক ও ব্যবাসায়ী সমিতির করা রিটের প্রেক্ষিতে আদালত নির্মাণ কাজে তিন মাসের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

“এ আদেশ অমান্য করা হলে তা হবে আদালত অবমাননার শামিল।”

নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় স্বজন সুপার মার্কেটের সামনের নালা সম্প্রসারণের পর গত বছর সেটির স্ল্যাবের ওপর মার্কেট নির্মাণ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

এতে স্বজন সুপার মার্কেটের ব্যবসায়ী ও পথচারীদের চলাচল বিঘ্নিত হয়। এ ঘটনায় আদালতে গত জানুয়ারিতে রিট করলে একবার মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

পরে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হলে আবার নির্মাণ কাজ শুরু করে সিসিসি।

এরপর গত মাসে স্বজন সুপার মার্কেটের মালিক হরিপদ বৈষ্ণব, জগন্নাথ বৈষ্ণব ও রামচন্দ্র বৈষ্ণব এবং স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি আবার আদালতে রিট করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে নালার ওপর বহদ্দারহাট সুপার মার্কেট নামের ওই দোকান নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিলেন আদালত।