২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ

ছাত্রলীগের একটি গ্রুপের অবরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোমবার কোনো ক্লাস হয়নি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

শিক্ষার্থীরা জানান, রোববার রাতে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা চালালে প্রতিবাদে সকালে তারা প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করে। এ কারণে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে পারেননি।

দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা ফটক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মাহমুদুর রহমান মাসুমকে আহবায়ক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

ওই কমিটির ৪৮ সদস্যের মধ্যে ৩৭ জন শিক্ষা জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন, মাসুমেরও ছাত্রত্ব শেষ। কিন্তু মাসুম পক্ষ এখনো নজরুল হলের রুম দখল করে রেখেছেন।

ইলিয়াস জানান, এনিয়ে প্রতিবাদ করায় রোববার মধ্যরাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে গিয়ে মাসুম ও তার লোকজন হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়।

তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত তিন জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলিয়াস আরো জানান, “এ হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিই।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক মাহমুদুর রহমান মাসুম জানান, “ইলিয়াসের করা অভিযোগ সঠিক নয়।” 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে ছাত্ররা প্রধান ফটক থেকে সরে গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠক করেছে।

তিনি জানান, বিষয়টি তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হলে অবস্থানকারী অবৈধদের সরিয়ে দেয়া হবে।