২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবা গ্রুপের কারখানাগুলো খুলে দেয়ার দাবি

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন নিয়ে আলোচনায় থাকা তোবা গ্রুপের সব কারখানা অবিলম্বে খুলে দেয়ার দাবি জানিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 11:19 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এই দাবি জানিয়ে এই দায়িত্ব সরকারকে নিতেও আহ্বান জানানো হয়।  

সমাবেশে ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, “কারখানা যদি ‘লে অফ’ ঘোষণা করা হয় আইন অনুযায়ী তোবা গ্রুপের প্রত্যেক শ্রমিককে অগাস্ট মাসের বেতনও দিতে হবে। নয়ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান করে সরকারকে কারখানা চালাতে হবে।”

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন কারাগারে থাকা অবস্থায় শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া পড়লে তারা আন্দোলন শুরু করে।

এক পর্যায়ে ঈদের আগের দিন তারা অনশনে বসলে মোশরেফা মিশুসহ শ্রমিক নেতারাও তাতে যোগ দেন। এরপর বিজিএমইএ বেতন পরিশোধের উদ্যোগ নেয় এবং পুলিশ অনশনকারীদের তুলে দেয়।

তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মিশু বলেন, “আমাদের ১১ দিনের সংগ্রাম ভবিষ্যৎ পথ চলায় বিশাল ভূমিকা রাখবে। এতে করে আমাদের নৈতিক বিজয় হয়েছে। সরকার আর বিজিএমইএ’র নৈতিক পরাজয় হয়েছে।”

সমাবেশ থেকে কারখানা খুলে দেওয়া, শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করা, কারখানা মালিক দেলোয়ারের জামিন বাতিলসহ মোট সাত দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে সংহতি জানিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অবিলম্বে তোবা গ্রুপের কারখানা খুলে না দিলে সরকারকে এই কারখানা পরিচালনার ভার বহন করতে হবে। তা না হলে শ্রমিকরা নিজেই এই কারখানা দখল করে তারাই পরিচালনা করবে।”

“তোবা কারখানা নিয়ে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে সরকার ও বিজিএমইএ’র দালাল শ্রমিক নেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে,” বলেন তিনি।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মন্টু ঘোষ, গণতান্ত্রিক বাম মোর্চার নেতা আব্দুস সাত্তার, জোনায়েদ সাকি প্রমুখ।