চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা
বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের ধরাধামে আর্বিভাবের দিন জন্মাষ্টমী।
প্রতি বছরের মতো রোববার সকালেও নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে সনাতন ধর্মানুসারীরা জড়ো হন।
ঢোল-করতাল আর আধুনিক বাদ্যযন্ত্রের তালে-তালে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, শ্রী কৃষ্ণের জন্ম মুহূর্তসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেন ভক্তরা। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
শোভাযাত্রাটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘির পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, নন্দন কানন, চেরাগী পাহাড় হয়ে জে এম সেন হলে পৌঁছে শেষ হয়।
এসময় বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশের ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশও মোতায়েন করা হয়।
আন্দরকিল্লা মোড়ে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র বলেন, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার।
“হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে।”
“বাংলাদেশে সব ধর্মের মানুষ একে অন্যের উৎসব-পার্বণ মিলেমিশে উদযাপন করে। আমাদের ঐক্যই আমাদের শক্তি।”
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন তালুকদার, পরিষদ নেতা আশুতোষ দাশ, শৈবাল দাশ, নীলু নাগ প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে চার দিনের গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, ঋষি ও বৈষ্ণব সম্মেলন এবং নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
