২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবস পালন

বংশ পরম্পরায় বঙ্গবন্ধুর আদর্শ লালন এবং একাত্তরের পরাজিত শক্তির চলমান ষড়যন্ত্র রুখে দেয়ার সঙ্কল্প ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পাশাপাশি ২৪টি রাজ্যে ১৫ অগাস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন করেছেন প্রবাসী বাঙালিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 08:15 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের দক্ষিণ জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় শোক দিবস’ পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করে সেখানে ৪৩টি সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয়।

‘সর্বজনীন জাতীয় শোক দিবস উদযাপনী কমিটি’র উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোস্ট কমিটির আহ্বায়ক ও নিউজার্সির প্লেইন্সবরো সিটির ডেমোক্র্যাট কাউন্সিলম্যান নূরন্নবী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হোস্ট কমিটির সদস্য-সচিব ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।

অনুষ্ঠান শুরু হয় প্রবাসের বিশিষ্ট ক’জন মুক্তিযোদ্ধা কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এরপর তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

এদের মধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা রকিবুল হাসান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, যুগ্ম আহ্বায়ক এম এ বাতেন, মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী, সরাফ সরকার প্রমুখ।

এরপর পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ লীগ অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ, গণজাগরণ মঞ্চ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংস্থা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, শিল্পকলা একাডেমি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ড, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ, প্রজন্ম একাত্তর, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিষদসহ বিভিন্ন সংগঠন।

ফুল দেয়া শেষে মাওলানা রহমতউল্লার নেতৃত্বে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ছাড়াও পবিত্র ত্রিপিটক এবং বাইবেল থেকেও পাঠ করা হয়। শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে লেখা কয়েকটি গান পরিবেশন করেন শহীদ হাসান।

এছাড়া জাতির জনককে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন জিএইচ আরজু এবং মিথুন আহমেদ। ১৯৯০ সালে ঢাকায় ছোট্ট পরিসরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালনের স্মৃতিচারণ করেন অভিনেত্রী লুৎফুন্নাহার লতা।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর দীর্ঘ বিচক্ষণতাপূর্ণ সংগ্রামী জীবনের আলোকপাত করে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম,  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের সেক্রেটারী ফরিদ আলম, স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সেক্রেটারী শাহীন ইবনে দিলওয়ার প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে  নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ২৪ রাজ্যে ৪২টি শোক সমাবেশ হয়েছে। এরমধ্যে নিউইয়র্কে সমাবেশটি হয়েছে উন্মুক্ত স্থানে, যা এবারই প্রথম।