সিপিএ চেয়ারম্যান পদে লড়াইয়ে শিরীন শারমিন
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগামী ২ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে শুরু হতে যাওয়া সিপিএ’র ৬০তম সম্মেলনে ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিরীন শারমিনই প্রথম বাংলাদেশি, যিনি ৩ বছর মেয়াদি এই কমিটির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা সিপিএ চেয়ারম্যান পদে শিরীন শারমিনকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।
ওই কর্মকর্তা জানান, এরই মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মনোনয়ন ফরম পূরণ করেছেন স্পিকার এবং তিনি যুক্তরাজ্যও যাচ্ছেন।
শিরীন শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে কিছু বৈঠক এবং আনুষাঙ্গিক খোঁজ-খবর নেয়ার জন্য যুক্তরাজ্য যাচ্ছি।”
আগামী ২৪ অগাস্ট দেশে ফিরবেন বলেও জানান তিনি।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সিপিএ সেসব দেশের সংসদ সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্টব্যাক্তিদের সমন্বয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
সিপিএ’র বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের এমপি স্যার অ্যালান হ্যাসেলহার্টস। এর আগে
১৯৮৪-৮৭ মেয়াদে ভারতের এমপি বাল রাম ঝাকার এবং ২০০৫-২০০৮ মেয়াদে পশ্চিমবঙ্গের এমএলএ হাশিম আব্দুল হালিম সিপিএ’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পেশায় আইনজীবী শিরীন শারমিন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে নবম জাতীয় সংসদে প্রথম বাংলাদেশের আইনসভায় আসেন।
পরে তিনি স্পিকার নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান নিয়ে এসএসসি পাস করেন শিরীন। দুই বছর পর একই বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি পাস করেন।
১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে অবস্থান অটুট রেখেই এলএলএম ডিগ্রি নেন শিরীন শারমিন। এরপর উচ্চ শিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান তিনি।
শিরীন বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ১৯৯২ সালে। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন।
