চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি
চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য নয় দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, তিনবাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।
২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ। সর্বশেষ গত এপ্রিলে সিঙ্গাপুর যান তিনি।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ।
