ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ফেনী শহরে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে গুদাম কোয়ার্টার এলাকা থেকে গ্রেপ্তার নাজমুল করিম সুমন (২৭) ছাগলনাইয়া পৌর এলাকার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের কলিম উল্লাহর ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ নাজমুল করিম সুমনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সুমন একজন পেশাদার অটোরিকশা ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছাগলনাইয়া ও ফেনী মডেল থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
