২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙনে সোনাহাট সেতু হুমকিতে

পাহাড়ি ঢলে দুধকুমর নদের অব্যাহত ভাঙনে বঙ্গসোনাহাট স্থলবন্দর সেতু হুমকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে সেতুটির পশ্চিম পাশের অংশ নদীতে ভেঙে পড়ার আশংকা রয়েছে।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 05:29 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এরশাদ আহসান হাবীব জানান, ঝুঁকি এড়াতে শনিবার থেকে সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে নদীর তীব্র ভাঙনে ১৮টি পরিবার নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ভরতের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু ঘরবাড়ি।

তিনি পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া সেতু রক্ষা ও ভাঙন প্রতিরোধে দ্রুত সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান।

ইউএনও আরো জানান, এই সেতু দিয়ে দেশের ১৮তম স্থল বন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সাতটি ইউনিয়নের মানুষের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম।

সেতুটি বিছিন্ন হলে কয়েক লাখ মানুষ যোগাযোগহীন হয়ে পড়বে বলে তিনি জানান।

এদিকে, সেতু রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কচাকাটা ও স্থলবন্দর সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল কাদের জানান, শনিবার দুপুর থেকে সেতুর পাশে ভাঙন এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করা হচ্ছে।