২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস যুক্তরাষ্ট্রেও পালন

যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, যে দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির জনককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 11:29 AM

Updated : 13 Oct 2022, 12:27 PM

শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে পৃথক আলোচনার আয়োজন করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ব্রুকলিনে নোয়াখালী ভবনে, যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিটে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে থাকা একাত্তরের ঘাতক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করার করার দাবি জানান প্রবাসীরা।

পাশাপাশি একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত প্রবাসীদের চিহ্নিত করারও দাবি জানান তারা।

বাংলাদেশ মিশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন জাসদের এমপি শিরিন আকতার।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি মনিরুল ইসলাম, কবি ফকির ইলিয়াস এবং খোরশেদ আনোয়ার বাবলু। কবিতা আবৃত্তি করেন জি এইচ আরজু।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আধা ঘণ্টার ‘হৃদয়ে চিরঞ্জবী বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলেম কাজী কাইয়ুম। এর আগে জাতির জনকের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করেন আগতরা।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বলেন, ১৯৭৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পরই সাধারণ অধিবেশনে প্রদত্ত বক্তব্যে বঙ্গবন্ধু সারাবিশ্বে বঞ্চিত মানুষের কল্যাণে একযোগে কাজের আহ্বান জানিয়েছিলেন। ৪০ বছর পর একই বক্তব্য আসছে আন্তর্জাতিক এ ফোরামে।

ড. মোমেন বলেন, পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দেয়া হয়েছিল, পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জাগরণ এসেছে বাঙালির মাঝে।

প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। জেল হত্যায় জড়িতরাও শাস্তি পেয়েছে। একত্তরের ঘাতকদের বিচার শুরু হয়েছে। ২১ অগাস্টে গ্রেনেড হামলার মামলাও চলছে।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “এক শ্রেণির রাজনীতিক এই প্রবাসেও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ওদের প্রতিহত করতে হবে।”

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংসদ সদস্য শিরিন আকতার।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন আকতার হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

এদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শোক সমাবেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ।

মুক্তিযোদ্ধারাও এ সময় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জাতির পিতার প্রতিকৃতিতে।

যুক্তরাষ্ট্র যুবলীগের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।