নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে খুন
জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের জিগাতলা ও লালচাপুর গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি মুসফিকুর রহমান জানান, আব্দুস সাত্তারের সঙ্গে ও চাচাতো ভাই হাফিজ উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে প্রায় বছর খানেক আগে সাত্তার বাদী হয়ে হাফিজ ও তার লোকজনদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
তিনি বলেন, “সকালে ওই মামলার সাক্ষী দিতে বাড়ি থেকে নেত্রকোনা যাচ্ছিলেন সাত্তার। পথে জিগাতলা ও লালচাপুর গ্রামের সীমানায় হাফিজ উদ্দিনের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি মুসফিকুর।
