ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৩ নারী ও শিশু
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে তিন বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৩ নারী ও শিশু।
বুধবার রাত ৯টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানান, ভারত সরকারের দেয়া বিশেষ পাশের মাধ্যমে দেশে ফেরত আসে এক শিশু ও ৩২ নারী। এরা যশোর, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, বান্দরবান, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, নড়াইল, সাতক্ষীরা, শরীয়তপুর, নোয়াখালী ও পাবনার বাসিন্দা।
বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা এদের গ্রহণ করে জানিয়ে মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে।”
"ভারতের মুম্বাই শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই দেশের আদালত তাদের তিন বছর করে কারাদণ্ড দেয়।"
সাজাভোগ শেষে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের ফলে তারা দেশে ফেরেন বলে জানান তিনি।
আইনি প্রক্রিয়া শেষে খুলনার ‘ওয়ার্ল্ড ভিশন’ ও যশোরের ‘রাইটস’ নামের দুটি স্বেচ্ছাসেবি সংস্থার মাধ্যমে তাদের বাড়ি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
