এইচএসসি: বিদেশের কেন্দ্রে পাসের হার কমছেই
এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে এবার পাসের হার ১৭ দশমিক ১৩ শতাংশ পয়েন্ট কমেছে।
২০১৩ সালে বিদেশের পাঁচটি কেন্দ্রে পাসের হার আগের বছর থেকে কমেছিল ৪ দশমিক ১৭ শতাংশ পয়েন্ট।
এবার বিদেশের ছয়টি কেন্দ্র ৭২ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ছিল ৯০ দশমিক ২৪ শতাংশ।
আর ২০১২ সালে বিদেশের কেন্দ্র থেকে ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
এ বছর বিদেশের ছয়টি কেন্দ্র ২১১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫৩ জন, যাদের ১৯ জন পেয়েছে জিপিএ-৫।
এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ৫৫ শিক্ষার্থীর ৩২ জন পাস করেছে।
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ২৮ জনের ২০ জন এবং বাংলাদেশ ইসলামিয়া কলেজ থেকে নয় জনের মধ্যে দুই জন পাস করেছে।
আর জেদ্দার বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৩ জনের মধ্যে ৫৭ জন উত্তীর্ণ হয়েছে।
এছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৫ জনের মধ্যে ৪১ জন এবং ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
