চোখ নষ্ট করার অভিযোগ ওসির বিরুদ্ধে
এক যুবদল কর্মীর চোখ খুঁচিয়ে নষ্ট করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার লক্ষ্মীপুর দায়রা জজ আদালতে যুবদল কর্মী সাইফুল ইসলাম সুমনের বাবা সামছুন নুর পাটওয়ারী মামলাটি করেন বলে জানিয়েছেন ওই আদালতের আইনজীবী মোহাম্মদ রফিক উল্ল্যাহ।
সুমন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের চঙ্গিরগাঁ গ্রামের বাসিন্দা। তিনি এখন লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, এসআই শরীফ, এসআই মমিন, এসআই মোজাম্মেল ও এসআই লুৎফুর রহমান।
মামলার এজাহার বলা হয়,গত ৭ অগাস্ট লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম সুমনকে (৩২) গ্রেপ্তার করে দুদিন ধরে থানা হেফাজতে আটকে রেখে নির্যাতন করে। পাঁচ পুলিশ অফিসার মিলে ইনজেকশনের সুঁই দিয়ে চোখের ভেতরের পানি বের করে ফেলে এবং চোখের মনি নষ্ট করে ফেলে।
এছাড়া একটি মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
