পাসের হারে সারাদেশে দ্বিতীয় সিলেট
টানা দুই বার দেশ সেরা ফল করলেও এবার এইচএসসিতে সে ফল ধরে রাখতে পারেনি সিলেট শিক্ষাবোর্ড। তবে এবার পাসের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে।
২০১২ ও ২০১৩ সালে দেশ সেরা ফল করেছিল সিলেট শিক্ষাবোর্ড। এবার রয়েছে সারা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে।
বুধবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন।
এ বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ১৬ শতাংশ।
ফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বলেন, সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা ভাল ফল করায় সার্বিক ফলাফল ভাল হয়েছে। টানা তৃতীয়বারের মত দেশ সেরা ফলাফল করতে না পারলেও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার বেড়েছে।
গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর ১ হাজার ৫৩৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে দুই হাজার ৭০ শিক্ষার্থী।
গতবছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ৩ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে ৫৩৫টি।
এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫৭ হাজার ৫৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৫ হাজার ৫৬৮ জন।
সিলেট বোর্ডে সেরা সাফল্য দেখিয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সিলেট ক্যাডেট কলেজ ২য় ও সিলেট এমসি কলেজ ৩য় স্থান অধিকার করেছে।
এবারও ছেলেরা এগিয়ে
সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে এবারও ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ২৬ হাজার ২৮৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৮১৫ জন। ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ১৯। পরীক্ষায় ৩১ হাজার ২৭৭ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৭৫৩ জন। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৪।
বিজ্ঞানে ভাল ফল
সিলেট বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এ বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৫০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৬০৯জন।
মানবিক বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগ পাসের হার ৮৫ দশমিক ৮৪ শতাংশ।
গ্রেডওয়ারি ফল
মোট উত্তীর্ণদের মধ্যে এ গ্রেডে ৭ হাজার ৯০১ জন, এ মাইনাস গ্রেডে ৮ হাজার ৬১৭ জন, বি গ্রেডে ১০ হাজার ১২৬ জন, সি গ্রেডে ১৪ হাজার ৭৫৩ জন ও ডি গ্রেডে ২ হাজার ১০১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শূন্য পাসের কলেজ ‘শূন্য’
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার বাইরে মোটা দাগে সিলেট শিক্ষা বোর্ডে এবারের অন্যতম সাফল্য- কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
২০১০ সালে বোর্ডে একটি কলেজ শূন্য পাসের তালিকায় থাকলেও ২০১১, ২০১২, ২০১৩ ও এবার সে তালিকা শূন্যই রয়েছে। বোর্ডের ২০৩টি কলেজের মধ্যে ১০টি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
সেরা ২০টি কলেজ
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি ও বোর্ডের ৬টি সূচকে সিলেট শিক্ষা বোর্ডে সেরা ফল করা ২০ কলেজ হলো: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ, এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের বিন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সুজা মোমোরিয়েল কলেজ, তৈবুননেছা খামন একাডেমি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, সুনামগঞ্জ সরাকরি কলেজ, ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, জান্নাত মহাবিদ্যালয়, সৈয়দ সাহীদ উদ্দিন কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, বিশ্বনাথ কলেজ ও বিয়ানীবাজার সরকারি কলেজ।
