২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় আগুন নেভাতে গিয়ে আহত ৩

পুরান ঢাকার চকবাজারে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 10:28 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে সোয়ারী ঘাটের চম্পাটুলী এলাকার ওই গুদামে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মী জীবন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

অগ্নিনির্বাপক বাহিনীর সাতটি ইউনিটের পৌনে চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর মধ্যে আগুন নেভানোর সময় আহত হন লালবাগ ফায়ার স্টেশনের ফায়ারম্যান আল আমিন, আতিক, ওসমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর তিন কর্মী আহত হলেও অগ্নিকাণ্ডে আর কেউ হতাহত হয়নি।

কামাল তালুকদার বলেন, ৫/৩ চম্পাটুলীর ওই টিনশেড গুদামে আগুন লেগেছে।

পাশের তিন তলা ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা শামিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ টিডশেডের ওপর থেকে ধোঁয়া দেখে আমরা  চিৎকার করে সবাইকে বেরিয়ে যেতে বলি। এর কিছুক্ষণের ভেতর উপস্থিত হন দমকল বাহিনীর সদস্যরা।”

ওই গুদামে কয়েকটি কক্ষে ছিল ড্রামভর্তি রাসায়নিক। আগুন লাগার পর কয়েকটি বিস্ফোরণের শব্দও স্থানীয়রা পেয়েছেন।

কেন কিভাবে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।