২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের ২৬ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ২৬ জেলে গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:56 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নিখোঁজদের সঙ্গী ও স্বজনরা পৃথক পৃথকভাবে নিখোঁজের বিষয় নিশ্চিত করে।

এরমধ্যে রয়েছেন এফবি হান্নান শরিফের ১০ জন, মুক্তার মালার ১২ জন এবং এফবি মা জননীর চার জন।

নিখোঁজদের সঙ্গী ও স্বজনরা জানিয়েছেন, গত ২০ জুলাই সন্ধ্যায় কক্সবাজার ও কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে তারা নিখোঁজ হন। ওই দুর্ঘটনায় সাগরে পড়ে যাওয়াদের মধ্যে ১৪ জেলে উদ্ধার হয়ে বাড়ি ফিরেছেন।

কমলনগরের মো. মহিউদ্দিন কোম্পানির এফবি হান্নান শরিফ-২, রামগতির হাজী শহিদ কোম্পানির এফবি মা জননী-১ এবং চট্টগ্রামের বেঙ্গল কোম্পানির এফবি মুক্তার মালা-১০ নামের তিনটি ট্রলারে করে জেলেরা সাগরে মাছ ধরে চট্টগ্রাম ঘাটে ফিরছিলেন।

তারা জানান, দুর্ঘটনার চারদিন পর (২৪ জুলাই) এফবি হান্নান শরিফ-২ ট্রলারটি উদ্ধার করার সময় এর ভেতর সাহাব উদ্দিন (৫০) নামে এক জেলের লাশ পাওয়া যায়। সাহাব উদ্দিন কমলনগরের খায়েরহাট এলাকার ছিডু মাঝির ছেলে এবং এফবি হান্নান শরিফ-২ এর মালিক মো. মহিউদ্দিনের ভাই।

এফবি হান্নান শরিফ-২ এর উদ্ধার পাওয়া জেলে মো. শাহ আলম ও মাইন উদ্দিন সাংবাদিকদের জানান, ২০ জুলাই মাছ ধরে চট্টগ্রাম ঘাটে ফেরার সময় ২১ জন জেলেসহ তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ৪-৫ ঘণ্টা পর বেঙ্গল কোম্পানির দুটি ট্রলার তাদের ১১ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। অপর ১০ জন নিখোঁজ হন, যাদের মধ্যে সাহাব উদ্দিনও ছিলেন।

নিখোঁজ নয় জন হলেন রামগতির সুজন গ্রামের মো.আব্বাস (৩৫), আব্বাস উদ্দিন (২১), বালুরচরের বশির আহমদ (৪৫), আসলপাড়ার কামাল উদ্দিন (৪৩), শিক্ষা গ্রামের নোমান উদ্দিন (৩০), নোয়াখালীর চরবাগ্গা এলাকার ইব্রাহিম মেস্তরী (৩২), কমলনগরের খায়েরহাট এলাকার মো. আলমগীর (৪০), জসীম মাঝি (৫৫) ও মো. ইসমাইল (৩৩)।

শাহ আলম জানান, তাদের ট্রলার ডুবে যাওয়ার আধঘণ্টা আগে পাশাপাশি থাকা এফবি মা জননী-১ ট্রলারের মাঝি সিরাজ উদ্দিন প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সাগরে ছিটকে পড়ে নিখোঁজ হন। সিরাজ উদ্দিনের বাড়ি রামগতির গুচ্ছগ্রাম এলাকায়।

এদিকে, মুক্তার মালা-১০ এর উদ্ধার হওয়া বাবুল মেস্তরী জানান, দুর্ঘটনার দিন (২০ জুলাই) কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮ জন জেলেসহ তাদের ট্রলারটিও ডুবে যায়।

তিনিসহ ছয়জন ডুবে যাওয়া ট্রলারের বয়া ধরে তিনদিন সাগরে ভেসে থাকেন। এক পর্যায়ে তাদের সঙ্গে ভেসে থাকা জেলে মোক্তার হোসেন (৪০), মহিজল (৩৮) ও সোহেল (২৪) সেখানে মারা যান।

মোক্তারের বাড়ি রামগতির আজাদনগর এবং মহিজল ও সোহেলের বাড়ি আসলপাড়া এলাকায়।

বাবুল আরো জানান, তিনদিন ভেসে থাকার পর শ্রীলঙ্কার একটি জাহাজের নাবিকরা তাকেসহ চরকলাকোপার গিয়াস উদ্দিন ও চর ডাক্তারের ইস্রাফিলকে উদ্ধার করে শ্রীলঙ্কা নিয়ে যান। সেখানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই জাহাজেই তাদের ২ অগাস্ট চট্টগ্রাম ঘাটে নিয়ে আসা হয়। ওই দুর্ঘটনায় তাদের ট্রলারের আরও ১২ জেলে নিখোঁজ রয়েছেন।

এ ট্রলারের নিখোঁজ জেলেদের ১১ জন হলেন রামগতির বালুরচর এলাকার মো. হান্নান (৪০), বাংলাবাজার মেস্তরী বাড়ির মফিজ উদ্দিন (৪২), মহিজল (৩৮), আমজাদ হোসেন (৪৫), সুজন গ্রামের ইদ্রিস মিয়া (৪৩), আসলপাড়ার মফিজ উদ্দিন (৪০), বসু মাঝি ওরফেকালা বসু (৫৫), চরপোড়াগাছার সিরাজ উদ্দিন (৩৫), মো. জাহাঙ্গীর (৪৫), মিরাজউদ্দিন (৩৮) ও নোয়াখালীর সুবর্ণচরের আক্তার হোসেন (২৫)। একজনের পরিচয় তিনি জানাতে পারেননি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন  জানান, “মুক্তার মালা-১০ এর নিখোঁজ হওয়া জেলে মফিজ উদ্দিনের স্ত্রী শাহনাজ বেগম, মহিজলের স্ত্রী শাহানুর ও আমজাদ হোসেনের স্ত্রী বিনু বিবি গত ৭ অগাস্ট আমার কাছে তাদের স্বামী নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন।”

কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ এফবি হান্নান শরিফ-২ দুর্ঘটনায় তার এলাকার চার জেলে নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জেলেদের নিখোঁজ থাকার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে।