২০ লাখ টাকা নিয়ে আটকে গেলেন মন্ত্রী মঞ্জুর সহকারী
২০ লাখ টাকা নিয়ে সচিবালয়ে ঢোকার পথে নিরাপত্তাকর্মীরা আটকাল পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত এক সহকারীকে।
মঙ্গলবার বিকালে আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে এত টাকা দেখে তাকে আটক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখায় নেয়া হয়।
তবে পরে যাচাই করে ওই অর্থ মাসুদ ‘ব্যবসায়িক কারণে’ ব্যাংক থেকে তুলেছেন বলে প্রমাণ পাওয়ার পর তা ফেরত দেয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপ-সচিব সুব্রত পাল চৌধুরী জানিয়েছেন।
দুই বছর আগে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়ার পর তা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। ওই কেলেঙ্কারিতে সুরঞ্জিতকে পদত্যাগও করতে হয়েছিল।
সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিবালয় তো আর ব্যবসার জায়গা নয়। এতগুলো টাকা নিয়ে ভিতরে ঢুকতে যাওয়ায় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়।”
মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকাগুলো আমার ব্যবসায়িক টাকা ছিল।
“আমি বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে সচিবালয় যাওয়া যায় না। এখানে অন্য কিছু ছিল না।”
পুরো টাকা পরে ফেরত পেয়েছেন বলেও জানান মন্ত্রীর এই ব্যক্তিগত সহকারী।
সচিবালয়ে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ওই গাড়ির ভিতরে মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মাসুদ ছিলেন।
“তার কাছে থাকা একটি ব্যাগে অনেক টাকা দেখার সঙ্গে সঙ্গে তাকে টাকাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখায় নেয়া হয়।”
পরে মাসুদের বক্তব্য শুনে এই পুলিশ কর্মকর্তা এলিফেন্ট রোডে একটি ব্যাংকের শাখায় যান।
“যাচাই-বাছাই করার পর বুঝতে পারি, ওই টাকা আব্দুল্লাহ আল মাসুদ নিজেই ব্যবসায়িক কাজে ব্যাংক থেকে তুলেছেন।”
