২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সদস্য নূরজাহানের উপর ‘হামলাকারী’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় ইউপি সদস্য নূরজাহান বেগমের উপর হামলার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার উপজেলার টিকরী বাজার থেকে মো. নাহিদকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাহিদ টিকরী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য  ও আওয়ামী লীগ কর্মী নূরজাহান বেগমের উপর একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করে।

এ ঘটনায় ২৪ জানুয়ারি নূরজাহানের মা মারজিনা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ৩৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।