২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার ২

নেত্রকোণা থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:01 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা শহরের মোক্তারপাড়ার বাসিন্দা ও দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ননী ও তেরীবাজারের মেসার্স আলম ট্রেডার্সের স্বত্তাধিকারী ওবায়দুল হক তাহের।

নেত্রকোণা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ননীকে তার বাসা ও তাহেরকে শহরের তেরীবাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদেরকে নেত্রকোণা মডেল থানা হাজতে রাখা হয়েছে। পরে ঢাকায় পাঠানো হবে।

এর আগে ঢাকা থেকে সকাল সোয়া ১১টার দিকে এই দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায় বলে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১২ অগাস্ট ১২ জনকে আসামি করে নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এ মামলাটি করেন নেত্রকোনার শহীদ বদিউজ্জামান মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন।

আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেয়।

মামলার অন্য আসামিরা হলেন- মোক্তারপাড়ার শহীদ উল্লাহ পিন্টু (৬২), শহীদুর রহমান মাজু  (৫৮), মো. ফজলুর রহমান  (৬৮),  মো. ইউসুফ  (৬১), মিষ্টার মিয়া  (৫৮), মো. মানিক মিয়া (৫৮), আব্দুর রশিদ  (৬০), ফরিদ আহম্মদ, কুড়পাড় এলাকার মো. হাফিজ উদ্দিন মীর (৮০) ও মেদনী গ্রামের মো. আব্দুল ওয়াহাব খান রুনো।

আসামিদের মধ্যে শহীদুর রহমান মাজু ও মো. ইউসুফ মামলা দায়েরের পর মারা গেছেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল  কয়েক দফা তদন্ত করে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করে।

তদন্তের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণকবর, বধ্যভূমি, নিযার্তন কেন্দ্র পরিদর্শন, তথ্য, স্কেচ ম্যাপ সংগ্রহসহ সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করা হয়।

তদন্ত চলাকালে দলের প্রধান শাহজাহান কবির জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ কা র্তিক সকাল ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্র নগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে বিরামপুর বাজার থেকে ধরে নিয়ে যায় রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর লোকজন। পরদিন ভোরে মুক্তাকে জেলা শহরের মোক্তারপাড়া সেতুতে গুলি করে হত্যা করে তার লাশ মগড়া নদীতে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

শাহজাহান কবির আরো বলেন, তদন্তে ননী ও তাহেরের বিরুদ্ধে হত্যা, লুটপাটসহ আরো মানবতাবিরোধী অভিযোগ পাওয়া গেছে।