প্রধানমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী দেখা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেল লিনডাল কেনি।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন সুইডিশ রাষ্ট্রদূত।
বৈঠকে সরকারের অব্যাহত উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী।
বৈঠক শেষে শামীম চৌধুরী বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, নারী অধিকার নিশ্চিত এবং নারী ক্ষমতায়ন বৃদ্ধি নিশ্চিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুইডিশ রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশে শিক্ষার হার বাড়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রাইমারি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালু হওয়ায় পাসের হার বেড়েছে।
প্রাথমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক এবং মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দেয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি তিনি উচ্চ শিক্ষায় সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি আরো বাড়ানোর অনুরোধ করেন।
সাক্ষাতকালে শামীম চৌধুরী ছাড়াও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।
