২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটকা মাছ খেয়ে আরো একজনের মৃত্যু

রাজধানীতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই পরিবারের মোট চার সদস্যের মৃত্যু হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 12:38 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মো. সুরুজ মিয়া (২৬) মঙ্গলবার ভোরের দিকে মারা যান।

এর আগে সোমবার রাতে মারা যান- দুই সহোদর মো. জুম্মন (১০), মো. রবিন (৮) এবং তাদের মামা মো. আলী (২০)। সুরুজও সম্পর্কে জুম্মন ও রবিনের মামা।

জুম্মনের মা ফরিদা বেগমও (৩৫) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড়ের ডিপটি গলি এলাকার ওই পরিবারের পাঁচ সদস্যকে সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে রাতেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদা বেগমের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুরে স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে বিকালে তা রান্না করেন ফরিদা। রাত ৯টার দিকে বাসার সবাই ওই মাছ দিয়ে ভাত খায়। ফরিদা নিজেও ভাতের সঙ্গে কিছুটা মাছ খান।

এর আধা ঘণ্টার মধ্যেই জুম্মন, রবিন ও সুরুজ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ১১টার দিকে সবাইকে হাসপাতালে আনা হয়।

ফরিদার স্বামী মো. নাজিম অটোরিকশার হুড সেলাইয়ের কাজ করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

পটকা মাছ খেয়ে তিনজনের মৃত্যু