পরীক্ষা দিলেন জাবির বহিষ্কৃত ৩ শিক্ষার্থী
এক নবীন ছাত্রীকে নির্যাতন করায় আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন।
হাই কোর্টের নির্দেশে পরীক্ষা দেয়ার সুযোগ পান সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া মাহজুবা। একই অভিযোগে বহিষ্কৃত অন্য শিক্ষার্থী সামি রেজওয়ানার বিষয়ে আদালতের নির্দেশনা না থাকলেও প্রশাসনের অনুমতি নিয়ে পরীক্ষা দেন তিনি।
মার্কেটিং বিভাগের সভাপতি নিগার সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশনা পেয়ে প্রশাসনের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।”
সোমবার আদালতের নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আসার পর বহিষ্কৃতদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।
গত মাসে শেখ হাসিনা হলের ৪৩তম ব্যাচের এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ করেন একই হলের আবাসিক এবং মার্কেটিং বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সাবরিনা, রাফিয়া ও সামি রেজোয়ানা।
নির্যাতিত ছাত্রী এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে লিখিত অভিযোগ করলে গত ২৩ জুলাই সিন্ডিকেট সভায় ওই তিন ছাত্রীর ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে সাবরিনা ও রাফিয়া হাই কোর্টে রিট আবেদন করলে রোববার শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এই দুই শিক্ষার্থীর তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশ দেন।
তাদের সঙ্গে বহিষ্কৃত সামি রেজওয়ানাকেও পরীক্ষা দেয়ার অনুমতির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
