সড়কে কোরবানির হাট বসবে না: যোগাযোগমন্ত্রী
যান চলাচলে প্রতিবন্ধতা এড়াতে কোরবানির ঈদের আগে সড়কে পশুর হাট না বসাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
কোরবানির ঈদের দুই মাস আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইনের কাজ পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেয়ার কথা সাংবাদিকদের জানান।
কোরবানির আগে বরাবরই সড়ক-মহাসড়কে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত হলেও বিভিন্ন স্থানেই তা উপেক্ষিত হয়। ফলে ঈদের আগে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
তিনি জানান,জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতুর কাজ ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হবে এবং সৌদি আরবের অর্থায়নে শীতলক্ষ্যা সেতুর কাজও স্বল্প সময়ের মধ্যে শুরু হবে।
সাংবাদিকদের নিয়ে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
“মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একমাত্র মাননীয় প্রদানমন্ত্রী তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।”
মন্ত্রী সৈয়দ মহসিন আলী শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তব্যে সাংবাদিকদের হুমকি দেন। পরে সেজন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
