গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো চার জনে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার আব্বাসকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।
আব্বাসের বাড়ি মুকসুদপুর উপজেলার তবারকান্দি গ্রামে।
“ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের বাসটির সামনের চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।”
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় মারা যান আরো দুই জন।
এই তিনজন হলেন- বাস চালকের সহকারী ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের ওসমান শেখের ছেলে সোহরাব শেখ (৩০), বাসযাত্রী মাদারীপুরের আবেজান বেগম (৫৫) এবং আলী আশরাফ (৪০)।
এ ঘটনায় আহত ৭ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতাল ও টেকেরহাট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
