‘ষড়যন্ত্রের’ সন্দেহ হোসেন জিল্লুরের দিকে
তোবা বেতন জটিলতা নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সরকারকে দায়ী করে দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সরকারের সংশ্লিষ্ট তিন মন্ত্রী।
রোববার সন্ধ্যায় বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সাবেক বাণিজ্য উপদেষ্টাকে পোশাক শিল্পে গত বছরের অস্থিরতার পেছনে ইন্ধন দেয়ার জন্য অভিযুক্ত করেন।
শাজাহান খান বলেন, “আমি আসলে কিছু বলতে আসিনি। কিন্তু কিছু কথার জবাব না দিলেই নয়।”
হোসেন জিল্লুর শনিবার এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “তোবা গ্রুপের মালিক দেলোয়ারের পক্ষে সরকার, বিজিএমইএ কেন দাঁড়াচ্ছে সে প্রশ্ন তোলা দরকার।
“হঠাৎ করে পোশাক খাতে সরকারের একজন মন্ত্রীকে জড়িত হতে দেখলাম, যিনি একজন শ্রমিক নেতাও। শ্রম খাতে যার আসার কোনো প্রয়োজন নেই।”
জিল্লুরের সমালোচনা করে শাজাহান বলেন, “ড. জিল্লুর রহমান সাহেব দুই বছর ক্ষমতায় ছিলেন। আমি যদি প্রশ্ন করি তার সময়ে কি হয়েছে? আর আমরা কী করেছি। হিসেব কিতাব করা দরকার। আমি ৪৩ বছর শ্রমিক সংগঠনের সাথে জড়িত। এদেশে যত শ্রম আইন হয়েছে, নতুন বা সংশোধন সব কিছুর সাথে আমি ছিলাম। ২০০৬ সালের শ্রম আইন প্রণয়ন করতে আমি ৯ বছর কাজ করেছি।
“পরিবহন খাতে আমি ৪৩ বছর ও গার্মেন্ট খাতে ১৬ বছর আমি শ্রমিকদের সাথে কাজ করছি। তাই গার্মেন্টে আমি নতুন নই, অযাচিত নই।”
গার্মেন্ট শিল্পে অস্থিরতার সঙ্গে বেসরকারি সংস্থার প্রধান জিল্লুরের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তিনি বলেন, “২০১৩ সালে গার্মেন্ট শিল্পে ষড়যন্ত্র হয়েছিল। শ্রমিক অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করেছে অনেকে। আমার মনে হয়, ড. জিল্লুর রহমান সেই ষড়যন্ত্রের অংশ।
“আমরা সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছি। তাতে অনেকের আঘাত লেগেছে।”
ড. হোসেন জিল্লুর রহমান
তিনি বলেন, “আপনি (হোসেন জিল্লুর) যখন উপদেষ্টা তখনও শ্রমিক অসন্তোষ হয়েছে। আমরা বিরোধী দলে থেকেও শ্রমিক স্বার্থ নিয়ে কাজ করেছি।”
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “রোজার আগেই গার্মেন্ট শিল্প নিয়ে ষড়যন্ত্র হয়েছিলো। ইন্ডাস্ট্রিঅলের প্যাডে কংগ্রেসম্যানদের চিঠি দেয়া হলো। কোন কিছুতেই আমরা নীতির কাছে আপোষ করিনি।
“এরপর রোজাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করা হলো। আমরা গার্মেন্ট মালিকদের ডেকে বলে দিলাম সবাইকে সময়মত বেতন দিতে হবে। সেদিনও তোবা নিয়ে কথা উঠেছিলো, আলোচনা হয়েছিল।
“কিছু রাজনৈতিক দল ও প্রগতিশীল গোষ্ঠী চায় যাতে সমস্যার সমাধান না হয়। তারা ভালো, জ্ঞানী ও আদর্শবান। কিন্তু এটা কোন আদর্শ। বেতন-ভাতার সাথে রাজনীতির যোগ করা হয়েছে।”
হোসেন জিল্লুরকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, “যারা বড় বড় কথা বলছেন, এক সময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার সময়ে শ্রমিকদের বেতন বাড়েনি। শ্রমিক অসন্তোষ ছিলো।
“শেখ হাসিনার সরকার শ্রমিকদের বেতন ২১৯ শতাংশ বাড়িয়েছে। যে কারণে গতকাল(শনিবার) তাদের ধর্মঘট সফল হয়নি।
“আমরা তোবার শ্রমিকদের পক্ষে। কিন্তু একদল লোক যারা বাম বা প্রগতিশীল বা বুদ্ধিজীবী তাদের মনের মধ্যে আক্ষেপ এটাকে কেন্দ্র করে বড় আন্দোলন করতে পারলো না।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “রাউন্ডটেবিল করে সরকারের সমালোচনা করা যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তার গতি রোধ করা যাবে না।”
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলেছেন, সরকার দেলোয়ারের পক্ষ নিয়েছে। আমি বুঝলাম না।
“আমি বিজিএমইএকে এবং দেলোয়ারকে চাপ দিয়ে তোবার শ্রমিকদের বেতন দিতে বাধ্য করেছি। আর বলা হচ্ছে, দেলোয়ারের পক্ষ নিচ্ছি।
“একটা বিষয় বলে রাখি, পোশাক খাতের অগ্রগতির জন্য মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ের বিকল্প নেই।”
