চলে গেলেন ধারাভাষ্যকার বদরুল হুদা চৌধুরী
ক্রিকেট সাহিত্যিক ও বেতার ধারাভাষ্যকার বদরুল হুদা চৌধুরী আর নেই।
রোববার সকালে নগরীর বাণ্ডেল সড়কের নিজ বাসভবনে ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।
বিকালে নগরীর লালদীঘি মাঠে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
বদরুল হুদা চৌধুরী তিন ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন।
বদরুল হুদা চৌধুরীর ছেলে সাইফুল হুদা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৬৬ সালের বাবা ‘তবু ভালোবাসি ক্রিকেট’ নামের প্রথম বইটি লেখেন।
“তখনো দেশ স্বাধীন হয়নি। অথচ ওই বইতে তিনি ভবিষ্যদ্বানী করেছিলেন বাংলাদেশ একদিন টেস্ট ক্রিকেট খেলবে। আমাদের মেয়েরাও ক্রিকেটে এগিয়ে যাবে।”
তিনি জানান, এরপর বদরুল হুদা ‘দুটি ব্যাট এক বল’ এবং ‘রূপে রসে ক্রিকেট’ নামের আরো দুটি বই লিখেন।
প্রয়াত বদরুল হুদা গত শতাব্দীর ১৯৩২ সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্ম নেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন দৈনিক আজাদে কর্মরত ছিলেন। পরে চাকরি ছেড়ে বেতার ধারাভাষ্য ও লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন। প্রায় দুই দশক তিনি বেতারে ধারাভাষ্য দেন।
