২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিএইচপির সিলিন্ডারের গ্যাস নিঃসরণে অসুস্থ ৬

চট্টগ্রাম নগরীতে পিএইচপি গ্রুপের সিলিন্ডার থেকে গ্যাস নিঃসরণে শ্রমিক ও রিকশা চালকসহ ছয়জন অসুস্থ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট ‍থানার ‍আইস ফ্যাক্টরি সড়কে এ ঘটনা ঘটে।

তারা হলেন- মো. সাজ্জাদ (১৫), নজরুল ইসলাম (৪৫), শাহজাহান (৫০), দেলোয়ার (১৮), জহিরুল (৩৫) আবুল কালাম (২৮)।

দমকল বাহিনীর নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি পিকআপে করে শিল্পগ্রুপ পিএইচপির তিনটি বড় আকারের অ্যামোনিয়া গ্যাসের সিলিণ্ডার নেয়া হচ্ছিল।

“আইস ফ্যাক্টরি সড়কে পৌঁছানোর পর একটি সিলিণ্ডার থেকে গ্যাস নিঃসরণ হলে আশেপাশে থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।”

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইস ফ্যাক্টরি সড়কের একটি দোকানের সামনের একটি পিকআপ ভ্যানে থাকা গ্যাস সিলিণ্ডার থেকে গ্যাস বের হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

পিকআপ ভ্যানটি ও এর চালককে সদরঘাট থানায় নেয়া হয়েছে বলে জানান দমকল কর্মকর্তা শওকত।