২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র কাচারিবাড়ি ঘেঁষে ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারিবাড়ি ঘেঁষে ভবন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।

ভবনটি নির্মাণকারী ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়শনের চেয়ারম্যান মো. রমজান আলীকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

স্থানীয় থানার ওসিকে আদেশ বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং রমজান আলী ও ওসিকে চার সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালত একইসঙ্গে রবীন্দ্র কাচারিবাড়ির সৌন্দর‌্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছেন। পাশাপাশি বাড়িটির দক্ষিণ পাশ ঘেঁষে নির্মাণাধীন অবৈধ ভবন কেন অপসারণ করা হবে না, তাও জানাতে বলা হয়।

সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেয়র, উপজেলা চেয়ারম্যান, রবীন্দ্র কাচারিবাড়ির সংরক্ষক এবং ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়শনের চেয়ারম্যান মো. রমজান আলীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই রিট করেন।

আদালতের আদেশের পর মনজিল মোরসেদ বলেন, “রুল জারি, নির্মাণ কাজ বন্ধের আদেশের পাশাপাশি আদালত একইসঙ্গে ওই স্থানে স্থিতাবস্থাও বজায় রাখতে বলেছে।”

গত ৫ অগাস্ট প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের কপি রিট আবেদনে যুক্ত করা হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, কাচারিবাড়ির দক্ষিণ সীমানাপ্রাচীরের মাত্র ১০ ফুট দূরে বহুতল ভবনটি উঠছে। আগে থেকেই একতলা ভবন ছিল সেখানে। তার ওপর নতুন করে চারতলার নির্মাণকাজ চলছে।

এতে আরও বলা হয়, “২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (সুতা ব্যবসায়ীর সংগঠন) ৬৫ জন সদস্য কাচারিবাড়ির দক্ষিণ পাশে ৬৫ শতাংশ জমি কেনেন। তারা পুরো জায়গায় একতলা ভবনের একটি বিপণিবিতান নির্মাণ করেন।’

কাচারিবাড়িটি ছিল রবীন্দ্রনাথের অস্থায়ী নিবাস। শাহজাদপুরের জামিদারি দেখাশোনা করতে আসলে তিনি এখানেই থাকতেন।