হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলা দেবপাড়া বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরা খাতুন (৮) উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের মোস্তাক আহমেদের মেয়ে ও স্থানীয় গ্রিন বার্ড কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবীর জানান, সকাল ৯টার সময় সামিরা মহাসড়কের দেবপাড়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সামিরার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আধা ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
