২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-লক্ষীপুর রুটে সি-ট্রাক বিকল, যাত্রীদের ভোগান্তি  

ভোলা-লক্ষ্মীপুর রুটের চলাচলকারী দুটি সি-ট্রাকের মধ্যে একটি ছয় দিন থেকে বিকল থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 09:03 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

গত ৩ আগস্ট হঠাৎ মেশিনে সমস্যা দেখা দিলে এস টি খিজির-৭ বিকল হয়ে যায়।

এতে চরম ভোগান্তির মধ্যে পড়া যাত্রীদের অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার বিপদসঙ্কুল এলাকায় ইঞ্জিনচালিত নৌকা দিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছে।

খিজির-৭ এর মাস্টার নজরুল ইসলাম জানান, ৩ আগস্ট হঠাৎ মেশিনে সমস্যা দেখা দেয়ায় সি ট্রাকটি বিকল হয়ে যায়।

তিনি আরো বলেন, “মেরামতের কাজ চলছে, চলাচলের উপযোগী হতে বেশ কিছু দিন সময় লাগবে।”

ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধূরীর হাটে একটি সি ট্রাক ও বরিশাল থেকে ভোলা হয়ে মজু চৌধুরীর হাট রুটে অপরে সি ট্রাক চলাচল করে, যে দুটি রুটে চট্টগ্রাম ও ঢাকাসহ অন্তত ২১টি জেলার মানুষ সহজে যাতায়াত করে।

কিন্তু গত ছয়দিন ধরে একটি সি ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছে।

ফেরীর ইনচার্জ আবু আলম জানান, সি-ট্রাক বিকল থাকায় ফেরীতে করে যাত্রীরা পারাপার হচ্ছে। এখন যাত্রীদের চাপ বেশী।

ঈদের আগে ও পরে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন রুটে বিশেষ সার্ভিস চালু দিলেও গুরুত্বপূর্ণ ভোলা-লক্ষ্মীপুর রুটে কোনো বাড়তি নৌযান দেয়া হয়নি বলে জানালেন যাত্রী লিখন ও মনির।

বিআইডব্লিউটিএ বরিশাল অঞ্চলের পরিচালক গোপাল মজুমদার জানান, বিকল্প হিসাবে আমরা ওই রুটে খিজির-৫ নামের একটি সি ট্রাক দিয়ে সাময়িক সমস্যা সমাধানের চেষ্টা করছি।