২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্কুলশিক্ষক স্ত্রীর গলায় ছুরি চালানোর পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 09:01 AM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার মধ্যরাতে উপজেলার দামুদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি কালিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্ত্রী সায়েমা বেগম (৩৫) ও স্বামী আজিজুর রহমানকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়েমা বেগম আমরুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই জনের গলায় আধা গভীর ক্ষত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুস সালাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। 

আজিজুর রহমানের ছোটভাই আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাবী শিক্ষকতা করলেও ভাই ছিলেন বেকার। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় বাজার থেকে বাসায় ফেরার পর স্ত্রীর মধ্যে তার ঝগড়া হয়। এ পর্যায়ে স্ত্রীর গলা কাটার পর নিজের গলায়ও ছুরি চালান।