২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্ট শ্রমিকদের লাঠিপেটা

তোবা গ্রুপের শ্রমিকদের পুলিশি হামলা, শনিবারের ধর্মঘটের সমর্থনসহ বিভিন্ন দাবিতে সাভারে গার্মেন্ট শ্রমিকদের মিছিলে লাঠিপোটা করেছে পুলিশ। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজাসন রোডে গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মিছিলে লাঠিপেটায় ১৫ জন আহত হয়েছেন বলে শ্রমিকরা অভিযোগ করলেও লাঠিপেটার ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।

একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের আরেকটি মিছিল ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শ্রমিকরা জানান, বিকাল ৫টার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক শ্রমিক।

মিছিলটি রাজাসন রোড থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রানা প্লাজার সামনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।এ সময় পুলিশ শ্রমিকদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শনিবারের ধর্মঘটের সমর্থনে তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিপেটা করেছে।

পুলিশের লাঠিপেটায় সংগঠনের কলমা ইউনিটের সভাপতি প্রফুল্ল, সেক্রেটারি রাসেল, রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রমিকরা আরো জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে শ্রমিকদের একটি মিছিল ফ্যান্টাসি কিংডমের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেয়।

শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সাভার ও আশুলিয়ার মিছিলে ২০/২৫ জন করে লোক ছিল।

তিনি বলেন, “ঢাকা জেলা পুলিশ তাদের সরিয়ে দিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি।”