লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আহত ৯
লক্ষ্মীপুর শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহজান মেম্বারের বাসভবনে অভিযান চালাতে গেলে গোলাগুলিতে পুলিশসহ অন্তত নয় জন আহত হয়েছে।
লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শাহজান মেম্বারসহ তিন জনকে গ্রেপ্তার এবং একটি পিস্তল, তিনটি বুলেট, দুইটি বুলেটের খোসা ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা পুলিশ শহরের বাগবাড়ির পুরাতন শহীদ মিনার এলাকায় লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী শাহজান মেম্বারকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়।
ওসি জানান, শীর্ষ সন্ত্রাসী শাহজান মেম্বারের বিরুদ্ধে চারটি হত্যা মামলা, চাঁদাবাজিসহ লক্ষ্মীপুর থানায় আটটি মামলা রয়েছে।
“শীর্ষ সন্ত্রাসী শাহাজান মেম্বার বাঙাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ৮ নং ওয়ার্ডের সদস্য,” বলেন ওসি।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন সদর উপজেলায় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেন (৩৩) ও বিনোদ ধর্মপুর গ্রামের আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৩৮)।
ওসি জানান, আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হাসানুর রহমান, কনস্টেবল আবুল কাশেম, জহিরুল ইসলাম, আবুল হোসেন, মাইন উদ্দিন, তুহিন, মোস্তাফিজ ও মোশারেফ হোসেন।
তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
