ঢাকার ব্যবসায়ীর লাশ বাঞ্ছারামপুরে উদ্ধার
অপহরণের চার দিন পর ঢাকার চক বাজারের এক ব্যবসায়ীর লাশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দে জানান, শুক্রবার উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীতে আবদুল হান্নানের হাত-পা বাঁধা মৃতদেহ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযোগের বরাত দিয়ে ওসি অংশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার (৪ অগাস্ট) রাজধানীর চক বাজারের কসমেটিকস ব্যবসায়ী আবদুল হান্নান বাহার ব্যবসার তাগাদার জন্য কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে লোকমান ফ্যাশন নামের এক দোকানে যান। এর পর থেকে বাহার নিখোঁজ থাকেন।
আটকরা পুলিশকে জানায়, মুক্তিপণের জন্য তারা বাহারকে বাঙ্গরা থেকে অপহরণ করেছিল।
অপহরণকারীরা বাহারের স্বজনদের কাছ থেকে কিছু মুক্তিপণ আদায়ও করেছে বলে তারা পুলিশকে জানায়।
ওসি আরো জানান, এরপর পুলিশকে অপহরণের কথা জানানোর কারণে অপহরণকারীরা বাহারকে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেঁধে তিতাস নদীর কচুরীপানায় ফেলে দেয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী বাঞ্ছারামপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে, বলেন অংশু।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
