শাহজাদপুরে শিশুর গলিত লাশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডোবা থেকে শুক্রবার এক অজ্ঞাত পরিচয় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, শাহজাদপুরের সীমান্তবর্তী পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাশে বিন্যাদাইড় এলাকার একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
শিশুটির বয়স আনুমানিক ১২/১৩ বছর। তার পরনে লাল ও কালো রঙের হাফ হাতা শার্ট ও জিন্সের থ্রি কোয়াটার প্যান্ট ছিল।
এসআই রেজাউল জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মৃতদেহে পচন ধরেছে।
এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
