২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নেপালের জ্বালানিমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নেপালের জ্বালানিমন্ত্রী রাধা কুমারী গয়ালি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবভনে তাদের এই সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।  

তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেছেন, ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং উন্নত দক্ষিণ এশিয়া গড়ে তোলার যৌথ সংকল্প হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল ভিত্তি।”

রাষ্ট্রপতি এ সময় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে বিদ্যুৎ খাতের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া বাংলাদেশ-নেপালের ‘চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের উপরেও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ সফরে বিভিন্ন বিষয়ে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে রাষ্ট্রপতিকে জানান গয়ালি।

তিনি বলেন, “বাংলাদেশ ও নেপালের পারস্পারিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।”   

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠাসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।