সাক্ষ্য দিতে না আসায় ঔষধ প্রশাসনের পরিচালক কারাগারে
ভেজাল প্যারাসিটামলের মামলায় ১৮টি ধার্য তারিখে সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় কারাগারে যেতে হল ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক মো. আবুল খায়ের চৌধুরীকে।
মামলার বাদী আবুল খায়ের বৃহস্পতিবার এই মামলার ১৯তম ধার্য তারিখে সাক্ষ্য দিতে এলে ঢাকার ওষুধ আদালতের (ড্রাগ কোর্ট) বিচারক মো. আব্দুর রশিদ জবানবন্দি নেয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিচারক বলেন, “২০১২ সালের ৩১ মে থেকে ২৬ মাসে ১৮টি তারিখে আদালতের বার বার সমন ও পরোয়ানা সত্ত্বেও তিনি আদালতে সাক্ষ্য দিতে না এসে বিচার ফাঁকি দেয়ার চেষ্টা করেছেন। তার এ কাজটি আসামিদের পক্ষে গেছে।”
এরপর আদালত এই সরকারি কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহিন আহমেদ খান।
আদালত এই মামলায় আগামী রোববার বাদী আবুল খায়েরকে জেরা করার দিন ধার্য করেছেন। ওই দিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান তাকে জেরা করবেন।
আবুল খায়ের চৌধুরী
মামলার আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির পরিচালক মো. শাহজাহান সরকার, শামসুল হক, নুরুন নাহার, উৎপাদন ব্যবস্থাপক এম তাজুল হক, মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, নির্বাহী পরিচালক এএসএম বদরুদ্দোজা।
এদের মধ্যে মো. শাহজাহান সরকার ছাড়া অন্য আসামিরা শুরু থেকেই পলাতক।
মামলা নথিতে দেখা যায়, ১৯৯৩ সালের ২ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ১৯৯৪ সালের ২ অগাস্ট অভিযোগ গঠন করে ।
একই বছরের ২ অগাস্ট থেকে ২০১২ সালের ৪ মার্চ পর্যন্ত উচ্চ আদালতের আদেশে মামলার বিচারকাজ স্থগিত থাকে।
ওই সময় থেকে ২০১৪ সালের ২২ জুন পর্যন্ত মোট ১৮টি তারিখে মামলার বাদী আবুল খায়েরসহ কোনো সাক্ষীই আদালতে আসেননি।
ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে গত ২২ জুলাই অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালস নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করে একই আদালত।
