২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে রবীন্দ্র কাচারিবাড়ি রক্ষায় রিট আবেদন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারিবাড়ির সৌন্দর্য রক্ষায় এর পাশে নির্মাণাধীন একটি ভবন অপসারণের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার এই রিট করেন।

রিটে রবীন্দ্র কাচারিবাড়ির সৌন্দর‌্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়।

একই সঙ্গে বাড়িটির দক্ষিণ পাশ ঘেঁষে নির্মাণাধীন অবৈধ ভবন কেন অপসারণ করা হবে না, তাও জানাতে রুলের অঅর্জি জানানো হয়েছে রিটে।

ওই ভবন নির্মাণে স্থিতাবস্থার নির্দেশনার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করে ৭ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেয়র, উপজেলা চেয়ারম্যান, রবীন্দ্র কাচারিবাড়ির সংরক্ষক এবং ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়শনের মো. রমজান আলীকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “অনেক আগে থেকেই ওই ভবন নির্মাণাধীন। এর নির্মাণ শুরুর পরপরই সরকার নোটিস দেয়। এরপর কিছুদিন বন্ধ রেখে আবার শুরু করা হয়। ২০০৯ সাল থেকে একতলা ভবনটিকে ৫ তলা করে ফেলা হয়েছে। আইন অনুসারে তারা এটা করতে পারে না।”

এ বিষয়ে গত ৫ অগাস্ট প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের কপি রিট আবেদনে যুক্ত করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, কাচারিবাড়ির দক্ষিণ সীমানাপ্রাচীরের মাত্র ১০ ফুট দূরে বহুতল ভবনটি উঠছে। আগে থেকেই একতলা ভবন ছিল সেখানে। তার ওপর নতুন করে চারতলার নির্মাণকাজ চলছে।

এতে আরও বলা হয়, “২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (সুতা ব্যবসায়ীর সংগঠন) ৬৫ জন সদস্য কাচারিবাড়ির দক্ষিণ পাশে ৬৫ শতাংশ জমি কেনেন। তারা পুরো জায়গায় একতলা ভবনের একটি বিপণিবিতান নির্মাণ করেন।’

কাচারিবাড়িটি ছিল রবীন্দ্রনাথের অস্থায়ী নিবাস। শাহজাদপুরের জামিদারি দেখাশোনা করতে আসলে তিনি এখানেই থাকতেন।