গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, সংঘর্ষ
ওভারটাইম চালুসহ সাত দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়ইপাড়া এলাকায় হ্যাচং বিডি লিমিটেড নামের একটি স্যুয়েটার কারখানার পাশে নবীনগর-কালিয়াকৈর সড়কে এ ঘটনা ঘটে।
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর এএসপি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে হ্যাচং বিডি লিমিটেডের চত্বরে জড়ো হয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে।
“খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে দিকে ইট-পাথর ছুড়ে শ্রমিকরা। পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এএসপি মনির বলেন, “এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ শ্রমিক আহত হন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
আধঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শিল্প পুলিশের এই কর্মকর্তা জানান, বিকাল ৫টার পরে অতিরিক্ত সময়ের শ্রমের জন্য বাড়তি হারে পারিশ্রমিক দেয়ার আগের পদ্ধতি পরিবর্তন করে হ্যাচং বিডি কর্তৃপক্ষ গত জুন মাস থেকে ওভারটাইমের টাকা দেয়া বন্ধ করে।
কিন্তু অন্যান্য স্যুয়েটার কারখানা সঙ্গে মিল রাখতেই উৎপাদনের (প্রোডাকশনের) উপর ভিত্তি করে ওভারটাইম দেওয়া বন্ধ করে দেয়।
ওভারটাইম বন্ধের প্রতিবাদে শ্রমিকরা গত রোববার থেকে আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে তারা উৎপাদনের উপর বোনাস, কার্ড হাজিরা ৬০০ টাকা, বার্ষিক ছুটি, ন্যূনতম মজুরি ৬৮২০ টাকা, শ্রম আইন অনুযায়ী বাৎসরিক ছুটিসহ সাতটি দাবি অর্ন্তভুক্ত করে।
কারখানার ব্যবস্থাপক দুলাল কুমার বন্দে জানান, কারখানায় শ্রমিকদের কোনো ওভারটাইম না করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তাদের অর্থ দেয়ারও প্রয়োজন নেই।
