ফেনীতে হরতালে টায়ারে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ডাকা হরতালে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থনকারীরা।
সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ফেনীতে আধা বেলা হরতাল ডাকে জেলা স্বেচ্ছাসেবক দল।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সকালে হরতালকারীরা শহরের কলাবাগান এলাকাসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এছাড়া শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পিকেটিং এর চেষ্টার সময়ে একজনকে আটক করা হয়েছে।
হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে পুলিশ পাহারায় যান চলাচল করছে। এছাড়া সারাদেশের সঙ্গে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
তবে সকাল থেকে শহরের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শহরে রিকশা, অটোরিকশা চললেও ভারী যানবাহন চলাচল না করায় উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে।
গত ৫ অগাস্ট রাতে বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।
