যমুনায় নৌকাডুবি: আরেক লাশ উদ্ধার
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির সাতদিন পর আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নৌডুবির ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হলো।
বুধবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর বাঁচামারা পয়েন্টে সাজেদা খাতুনের (৩৫) লাশ পাওয়া যায়।
সাজেদা চৌহালীর দক্ষিণ খাস কাউলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
মানিকগঞ্জের দৌলতপুর থানার ওসি এসএম শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নদীর বাঁচামারা পয়েন্টে ওই নারীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। উদ্ধারের পর তার স্বজনরা এসে শনাক্তের পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদের দুদিন পর গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মিটুয়ানী বাজার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চর সলিমাবাদ ঘাটের উদ্দেশে রওনা হয়। ঘাটের কাছে নদীর মধ্যে একটি ক্ষতিগ্রস্ত সেতুর সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়।
অধিকাংশ যাত্রী সাঁতরে কূলে উঠলেও বাকিরা নিখোঁজ হয়। দুদিন চেষ্টার পর ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করছেন।
