আদিবাসী নেত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে আদিবাসী নেত্রীর উপর হামলা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে শহীদ সাটুহলের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ।
বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসককে তিন দফা দাবিতে স্মারকলিপি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ভগবত টুডু, আদিবাসী নেতা বঙ্গপাল সরদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মানিক রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ।
এছাড়া জাতীয় হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ ও দলিত-বঞ্চিত অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
এদিকে এ ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ জিনারপুর গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার রাতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বেলা ১২টার দিকে ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করার সময় সমেশপুর গ্রামের আকতার হোসেন, রেজাউল করিম ও আকবর আলীসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ওই নেত্রীর কাছে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে অস্ত্রধারীরা পেটায় এবং তিনজনই তাকে পালাক্রমে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় তারা একটি পাওয়ার টিলার, এক জোড়া মহিষ ও একটি শ্যালো মেশিন নিয়ে যায়।
