চট্টগ্রামে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার পর তা দ্রুত নেভানো হয়েছে।
আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দমকল বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ও আর নিজাম সড়কের রয়েল হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুনের সূত্রপাত হয়।
এসময় ১০ তলা হাসপাতাল ভবনের চতুর্থ তলার অপারেশন থিয়েটারে এক রোগীর অপারেশন চলছিল।
জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপারেশন থিয়েটারের বিদ্যুৎ সরবরাহ লাইনে ওভারলোডের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
“আগুন লাগার পর হাসপাতালের কর্মী ও দমকল বাহিনীর চেষ্টায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তিনি বলেন, আগুন লাগার সময় অপারেশন থিয়েটারে থাকা রোগী অচেতন ছিলেন। আগুন নেভানোর পর বিকল্প ব্যবস্থায় আবার অপারেশন শুরু হয়।
আগুন লাগার পর হাসপাতালে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এই দমকল কর্মকর্তা।
হাসাপাতালে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের মোট সাতটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়।
