২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড ছোড়ায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় এক নারীকে এসিড দিয়ে ঝলসানোর দায়ে সতীনসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার দুপুরে এসিড দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।

এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে বারেক (২৫), মৃত হাসমত আলীর ছেলে সিদ্দিক (৫০) ও  আব্দুল ওয়াদুদের প্রথম স্ত্রী রেজিয়া (৫০)।

এর মধ্যে সিদ্দিক পলাতক রয়েছেন।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম প্রদীপ জানান, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রামের আব্দুল ওয়াদুদ পাশের ঝাউসী গ্রামের হাজেরা খাতুনকে (৩০) দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর দুই স্ত্রীর মধ্যে বিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়।

এর জেরে আসামিরা আব্দুল ওয়াদুদকে নারী ও শিশু নির্যাতন মামলায় হাজতে পাঠায়। পরে তারা  ২০০৭ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় ওয়াদুদের দ্বিতীয় স্ত্রী হাজেরা খাতুনের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তার মুখমণ্ডল বিকৃত এবং একটি চোখ নষ্ট হয়ে যায়।

ঘটনার পরদিন ৩১ অক্টোবর হাজেরার ছোট বোন সাহেরা খাতুন বাদী হয়ে তিনজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।