২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অপহৃত প্রবাসী উদ্ধার

ঝিনাইদহ সদরে মুক্তিপণের দাবিতে অপহৃত এক প্রবাসীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী অভিযোগে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 05:01 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার কলেমনখালী গ্রাম থেকে লিটন হোসেনকে উদ্ধার করা হয়।

লিটন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের সফিউদ্দিন মাস্টারের ছেলে। শ্রীলঙ্কায় দীর্ঘদিন চাকরি শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গত ৩০ জুলাই নিজ বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশে বের হন লিটন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি।

পরদিন ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিটনের পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা। এ ব্যাপারে গত ৩১ জুলাই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি বলেন, গোপন খবর পেয়ে র‌্যাব ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কলমনখালী গ্রামের হাইস্কুলের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে লিটনকে উদ্ধার করে। এ সময় একটি পিস্তল ও একটি শটগানসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সদরের মগরখালী গ্রামের ইসাহাক আলীর ছেলে জাফর  আলী (২৯) ও মহিষাডাঙ্গা গ্রামের মইনুদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৩৬)।