কক্সবাজার সৈকতে ১ লাশ উদ্ধার
কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যা মালয়েশিয়াগামী দুর্ঘটনা কবলিত ট্রলারের কোনো যাত্রীর বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের নাজিরারটেক সমুদ্র সৈকত থেকে উদ্ধার ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বেলা ২টার দিকে শহরের নাজিরারটেক সাগর পয়েন্ট থেকে উদ্ধার করা লাশটির পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
“তবে ধারণা করা হচ্ছে লাশটি মালয়েশিয়াগামী ওই ট্রলারের কোনো যাত্রী হতে পারে,” বলেন তিনি।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রলারের নিখোঁজ যাত্রীদের খোঁজে কক্সবাজার কোস্ট গার্ড সদস্যরা সমুদ্রের বিভিন্ন মোহনায় অভিযান অব্যাহত রেখেছে।
কক্সবাজার শহরের নুনিয়াছড়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার মাহবুব উদ্দিন জানান, দুর্ঘটনায় ভেঙে যাওয়া ট্রলারের যাত্রীদের খোঁজে এ পর্যন্ত টানা তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
সোমবার বেলা দেড়টার দিকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ভেঙে যায়।
ট্রলারের ধ্বংসাবশেষের সঙ্গে সৈকতে ভেসে আসেন নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাসকান্দা গ্রামের জহিরুল হকের ছেলে শাহিন।
তিনি জানান, তারা ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছিলেন। পথে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভেঙে যায়।
ট্রলারে তারা অন্তত ৩০ জন ছিলেন। ১০ জন বিভিন্নভাবে কূলে ফিরলেও অন্তত ২০ জন নিখোঁজ বলে দাবি করেন তিনি।
