২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি ঘের কর্মচারীকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক চিংড়িঘের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘের মালিকের ছেলের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিপংকর মণ্ডলের (২৮) মৃত্যু হয়। দিপংকর উপজেলার ব্রক্ষ্মডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডলের ছেলে।

হত্যায় জড়িত অভিযোগে ঘের মালিক দেবাশীষ বিশ্বাসের ছেলে ঝংকার বিশ্বাসকে (১৬) পুলিশ গ্রেপ্তার করেছে।

ফকিরহাট থানার ওসি এস এস আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘের মালিকের ছেলে ঝংকার তাদের ঘেরের কর্মচারী দিপংকরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে ঝংকার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মহসিন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দিপংকর মন্ডল দেবাশীষ বিশ্বাসের চিংড়িঘেরে কর্মচারী হিসাবে কাজ করে আসছিলেন। ২-৩ দিন আগে তার ঘেরের কর্মচারী দিপংকরের শোবার ঘর থেকে তার জমানো তিন হাজার টাকা হারিয়ে যায়।

এই টাকা তার ঘের মালিকের ছেলে ঝংকার নিয়েছে বলে সন্দেহ করে বিষয়টি দুয়েকজনের সঙ্গে বলাবলি করেন দিপংকর।

চেয়ারম্যান কাজী মহসিন জানান, একথা ঝংকার জানতে পেরে সোমবার দুপুরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত মৌভোগ বিলের ঘেরে গিয়ে দিপংকরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে পাশের ঘেরের লোকজন দিপংকরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।